শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের সময় সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন এবং মূল রহস্য গোপন করার চেষ্টা করছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই প্রেক্ষাপটে তাকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সুইডেন আসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান।
রিমান্ড আবেদনে টিটন হত্যাকাণ্ডের নেপথ্যের বিরোধ, সুইডেন আসলামের সম্পৃক্ততা, অপরাধজগতে তার প্রভাব এবং দীর্ঘ অপরাধজীবনের নানা তথ্য তুলে ধরেছে ডিবি। এতে বলা হয়েছে, রাজধানীর বছিলা গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় অপরাধজগতের একাধিক শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
ডিবি বলছে, আগের পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আসলাম মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভ্রান্তিকর জবাব দিয়েছেন। তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন। অন্য আসামিদের অবস্থান সম্পর্কেও সদুত্তর দিতে পারেননি। তবে এর মধ্যেই মামলাসংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

